
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বেসরকারি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে এমপি নির্বাচিত হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। পোস্টালসহ তিনি মোট পেয়েছেন ২০৬৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিয়া পেয়েছেন ১৬২৫১৫ ভোট। বিএনপি প্রার্থী শাহজাহান মিয়াকে ৪৪৩৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ড. কেরামত আলী।
নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১৭১২২৭। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলামকে ১৬১০৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১৫৫১১৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। পোস্টালসহ ১৭৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৮৯৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ পেয়েছেন ১২৬৯৯৭ ভোট। বিএনপি প্রার্থী হারুনুর রশীদকে তিনি ৬২৬৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।