
আবুল কাশেম (চট্টগ্রাম) প্রতিনিধি:।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের রাউজান থানা এলাকায় যৌথ নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাউজান থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং সার্বিক নিরাপত্তা তদারকি কার্যক্রম চলমান রয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা হতে পারে বলেও জানানো হয়।
এদিকে যৌথ চেকপোস্ট কার্যক্রমের ফলে এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তৎপরতার মাধ্যমে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।