
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা উপজেলায় বৃহত্তর সুন্নিজোট ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সমর্থিত মোমবাতি মার্কার প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী প্রচারণা অফিসে গভীর রাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাতে হাইলধর ইউনিয়নের ১ নং খাসখামা ওয়ার্ডের মধ্যম খাসখামা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা অফিসে ডুকে নির্বিচারে ব্যানার, পোস্টার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী ভেঙে তছনছ করে ফেলে।
এই হামলাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এটিকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। সকালে ভাঙচুরের চিহ্ন দেখে হতবাক হয়ে পড়েন নেতা কর্মীরা।
খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে আনোয়ারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ করলেও এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা আটক করা হয়নি,যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, এই ধরনের হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়ংকর হুমকি।