
মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী থানার আওতাধীন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটের সময় বদলগাছী ইউনিয়নের চার রাস্তা মোড়ে বদলগাছী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোস্তাকিম হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৬)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নাম্বারবিহীন কালো ও নীল রঙের একটি রানার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।