
বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ
আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি: মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়। প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে।
নির্ধারিত ভাড়া তালিকা
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
সিএনজি (জনপ্রতি):
বকশীগঞ্জ–জামালপুর: ১৩০ টাকা
বকশীগঞ্জ–শেরপুর: ৯০ টাকা
বকশীগঞ্জ–রৌমারী: ২৫০ টাকা
বাস ভাড়া:
বকশীগঞ্জ–ঢাকা: ৬৯০ টাকা
সভায় জানানো হয়, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাজার মনিটরিং জোরদার
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন ইউএনও।
উপস্থিত অতিথিবৃন্দ
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকার কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে গৃহীত এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।