আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
মোবাইল :০১৬৪০৭২৪২৩৩
আসন্ন Ramadan সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কড়াকড়ি নজরদারি শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাতজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এছাড়া অনেক দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো ছিল না এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণেও অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অতিরিক্ত মুনাফার আশায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেললে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতাদের মতে, রমজানের আগে নিয়মিত এমন তদারকি চললে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সাহস পাবে না।
অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।