জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর ওপর সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, পূর্বাঞ্চল ও তুলসিচর ইউনিয়নবাসীকে বিগত সরকার আমলে ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। একাধিকবার মাটি পরীক্ষা করা হলেও প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। ফলে প্রতিদিন নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে শতাধিক শিক্ষার্থীকে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উত্তাল নদী পাড়ি দিয়ে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা ঝুঁকির মুখে পড়ছে। অভিভাবকদের মধ্যেও বিরাজ করছে চরম উদ্বেগ।
অন্যদিকে, সেতু না থাকায় কৃষকরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারা তাদের উৎপাদিত কাঁচামাল ন্যায্যমূল্যে বাজারজাত করতে পারছেন না। স্থানীয় কৃষকদের দাবি, ব্রিজ নির্মাণ হলে শেরপুর-জামালপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে এবং তারা তাদের পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ও ন্যায্যমূল্যে পাঠাতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বর্তমান সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ করবে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরাও তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন। দেশের বিভিন্ন স্থানে কাঁচামাল সরাসরি সরবরাহ করতে পারবে কৃষকরা৷
স্থানীয় রাজনিতি ও সচেতন মহল বলছে, দীর্ঘদিনের এ জনদাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।