মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি নোহা মাইক্রোবাসসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি টিম জানতে পারে, শান্তাহার এলাকা থেকে একটি নোহা মাইক্রোবাসযোগে কয়েকজন ব্যক্তি হেরোইন নিয়ে নওগাঁ শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন তুলশীগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়।
একই দিন রাত আনুমানিক ৬টা ১০ মিনিটে ঢাকা মেট্রো-চ ১১-৯৭৩৮ নম্বরের সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা সেজাউল (৪১), পিতা- দুরুল ইসলাম, গ্রাম- কাজিগ্রাম, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং জাহাঙ্গীর আলম (৩৯), পিতা- কাওছার আলী, গ্রাম- ফতেপুর, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এর দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এ সময় তাদের সহযোগী হিসেবে মাইক্রোবাসের চালক ডুমন বর্মন (২৭), পিতা- সাবু বর্মন, গ্রাম- আসানপুর, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকেও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন রাত ১১টার দিকে পৃথক আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর অপর একটি টিম সদর থানাধীন পাহাড়পুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইমরান হোসেন (৪৪), পিতা- অছিম উদ্দিন, গ্রাম- কাশিমালা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জেলার মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।