আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খোকন মুন্সির বাড়ি থেকে ফকির বাড়ি হয়ে যে সড়কটি কড়ইতলা মোড়ে গিয়ে মিলিত হয়েছে, সেটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়, ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি সেবার যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের কাছে এলাকাবাসীর একটাই দাবি—অতিদ্রুত সড়কটি পাকা করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হোক সাথে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।