মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি :-
অনলাইন জুয়া যেন এখন মানুষের মস্তিষ্কে গেঁথে গেছে—এমন বাস্তব চিত্র ফুটে উঠছে খুলনা জেলার কয়রা উপজেলাজুড়ে। সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে, কয়রা বাজার, চাঁদ আলী, নারায়ণপুর বাজার, আমাদি বাজার, খড়লকাটি বাজার, ঘুগরাকাটি বাজার, ইসলামপুর চৌরাস্তা সহ একাধিক এলাকায় প্রকাশ্যে ও গোপনে প্রতিনিয়ত জুয়ার আসর বসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগে যেখানে সীমিত আকারে জুয়া চলত, এখন সেখানে অনলাইন জুয়ার দাপট অনেকগুণ বেড়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপন (এড) ছড়িয়ে পড়ায় কিশোর, তরুণ ও মধ্যবয়সী মানুষের মধ্যে জুয়ার আসক্তি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সহজে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে এসব অনলাইন অ্যাপ ও ওয়েবসাইট মানুষকে জুয়ার দিকে ঠেলে দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ছে। সংসারে দেখা দিচ্ছে চরম আর্থিক সংকট, বেড়ে যাচ্ছে পারিবারিক কলহ ও সহিংসতা। অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা জুয়ার দেনায় জর্জরিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আরও ভয়াবহ তথ্য হলো—কিছু মানুষ জুয়ার সর্বনাশা চাপে পড়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকলেও কয়রা উপজেলায় এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অভিযান পরিচালিত হয়নি বলে অভিযোগ তুলেছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, প্রশাসনের এমন নীরব ভূমিকা জুয়াড়ি চক্রকে আরও বেপরোয়া করে তুলছে এবং অনলাইন জুয়ার বিস্তার দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
একাধিক এলাকাবাসী জানান, প্রকাশ্যে জুয়া চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষ মনে করছেন, প্রশাসনের নজরদারির অভাবেই অনলাইন জুয়া কয়রা উপজেলায় সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধ করা, জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
তাদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অনলাইন জুয়া কয়রা উপজেলার সামাজিক কাঠামোকে আরও ভেঙে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।